জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতির কোনো প্রত্যাশাই পূরণ হতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই বক্তব্য দেন।
ভাষণে জামায়াত আমির বলেন,
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে ইনসাফ ও মর্যাদার ভিত্তিতে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ সম্মানের সঙ্গে, আত্মমর্যাদা বজায় রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও থাকবে। আর তরুণরা বাংলাদেশের ক্যাপ্টেন এবং আমরা হবো যাত্রী।”
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই তুলে দিতে চায় জামায়াত, কারণ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি তারাই।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, কেউ যদি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারও ওপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ।
ভাষণের শেষাংশে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে ‘হ্যাঁ’ বলুন; আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে ‘না’ বলুন।” তিনি বলেন, এই মূল্যবোধের পক্ষেই জামায়াতের রাজনীতি, আর এই পথেই একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।