বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য। তার ভাই মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন। তবে বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র দেখলে তার ভাই হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, এখনো দেশের মায়েরা ঘরে ও ঘরের বাইরে নিরাপদ নন। কর্মস্থলসহ সর্বত্র মানুষ চাঁদাবাজ ও মামলাবাজদের আতঙ্কে দিন কাটাচ্ছে। দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন—এমন বাংলাদেশ কি মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন?
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না হওয়ার মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। নির্বাচন এলেই কিছু নেতা ধর্মীয় ব্যক্তিত্বের মুখোশ পরে জনগণের কাছে আসে, উন্নয়নের স্বপ্ন দেখায়। কিন্তু নির্বাচন শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।
ক্ষমতায় এলে জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে বলেও জানান জামায়াত আমির। তিনি বলেন, ধর্মের বিষয়ে বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না। তাই ৫ আগস্টের পর ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে জামায়াতের কর্মীরা।
সভায় জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এবং হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।