বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতা দেখলে তার শহীদ মুক্তিযোদ্ধা ভাই হয়ত মুক্তিযুদ্ধে অংশ নিতেন না। তিনি বলেন, “এখানে অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত আছেন।
আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। যে বাংলাদেশ আজ দেখছি, এমন চিত্র দেখলে আমার ভাই হয়ত সেদিন জীবন বাজি রেখে যুদ্ধে নামতেন না।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এবং হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ, যেখানে মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে এবং সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তিনি প্রশ্ন করেন, এর জন্য সাধারণ মানুষ দায়ী নয়, দায়ী অসৎ ও ব্যর্থ নেতৃত্ব।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিতে জর্জরিত। ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, দেশ গঠনের জন্য এই সময় যথেষ্ট ছিল, কিন্তু নেতৃত্বের ব্যর্থতায় জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন পায়নি।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ১১ দলীয় জোটের প্রার্থীরা বক্তব্য দেন।