বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরিষার মধ্যেই ভূত আছে, তাই সেই ভূত এই সরকার তাড়াতে পারবে না।’
শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, সরকারের ব্যর্থতা নিয়ে বিএনপির একজন সিনিয়র নেতাও প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন এবং বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমার পরিবর্তে বেড়েছে বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিলে প্রশাসনে অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়া উচিত ছিল।
তিনি বলেন, সরকার যখন নিজেই ব্যর্থতার বিষয়টি স্বীকার করছে, তখন নৈতিকভাবে তাদের ক্ষমতায় থাকার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তার ভাষ্য, সরকারের উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা।
জামায়াত আমির আরও বলেন, অতীতে তৎকালীন সরকার জামায়াতকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সময়ের পরিবর্তনে রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না; বরং বিভিন্ন খাতে অনিয়ম বাড়ছে বলে তিনি দাবি করেন।