জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, জামায়াত, বিএনপি ও এনসিপিসহ সবাই আওয়ামী লীগের ভোট চাইছে, কিন্তু জাতীয় পার্টি চাইলে সেটাকে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে—এটি স্পষ্ট বৈষম্য।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ নয়, অথচ তাদের ভোটারদের নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে। অন্য দলগুলো আওয়ামী লীগের ভোট চাইলে সমস্যা নেই, কিন্তু জাতীয় পার্টি চাইলে ‘দোসর’ তকমা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, বর্তমানে জামায়াত-এনসিপি ও অন্তর্বর্তী সরকার মিলে দেশ পরিচালনা করছে এবং তাদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান গণভোট সংবিধানসম্মত নয় এবং বেআইনি। সরকারি প্রভাব, হুমকি ও অর্থ ব্যয়ের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের ভোটের ফলাফল জাতীয় পার্টি মেনে নেবে না বলেও স্পষ্ট করে জানান জিএম কাদের।