নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি–এর প্রার্থী সিদ্দিকুল আলম বলেছেন, “ওরা দুর্বল বলেই ভয় দেখাচ্ছে, মামলা করছে। কিন্তু আমি ভয় পাই না। জনগণের শক্তিই আমার একমাত্র ভরসা।”
বুধবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন। নির্বাচিত হলে সৈয়দপুরের ক্যাম্পবাসীদের পুনর্বাসনে ১০টি আধুনিক বহুতল ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা জানান।
শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন সিদ্দিকুল আলম। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধান সড়কগুলো প্রশস্তকরণ এবং সৈয়দপুরকে সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
স্বাস্থ্য খাতে কিশোরগঞ্জের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ এবং সৈয়দপুরের ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন জাপা প্রার্থী। মতবিনিময়ের শেষাংশে তিনি বলেন, “আমি এমন কাজ করতে চাই, যাতে মৃত্যুর পরও মানুষ আমাকে মনে করে দোয়া করে।”