মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন ফাহাদের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক সেবন, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অভিযোগও তুলেছেন স্থানীয় কয়েকজন। এসব অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
মামলার বাদী ফাহাদের স্ত্রী জান্নাতুল মওয়া তানহা। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বিদেশে যাওয়ার কথা বলে ফাহাদ একাধিকবার স্ত্রীর কাছ থেকে টাকা নেন। পরে আবারও বিদেশ যাওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করেন। তানহা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে একাধিকবার মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তানহার অভিযোগ, স্বামীর সঙ্গে একাধিক নারীর সম্পর্ক এবং মাদক সেবনের বিষয়েও তিনি জানতে পারেন। এসব বিষয়ে প্রতিবাদ করায় ফাহাদ স্ত্রী ও সন্তানের দায়িত্ব এড়িয়ে চলতে শুরু করেন। একপর্যায়ে তাঁকে ডিভোর্স লেটার পাঠানো হয় বলেও অভিযোগ করেন তিনি। তাঁদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এ বিষয়ে তানহার সঙ্গে কথা হলে তিনি সংসার টিকিয়ে রাখার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক দাবি, মাদক সেবন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ করেন। তাঁর দাবি, এসব বিষয়ে ফাহাদ তাঁর কাছে স্বীকারও করেছেন।
এ ঘটনায় তানহা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেছেন। গত ২১ নভেম্বর মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ ফাহাদকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
অন্যদিকে, ফাহাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। কয়েকজনের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের আগে, ৩ আগস্ট নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। তাঁদের ভাষ্য, সে সময় ফাহাদ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। পরে ছাত্রলীগে যোগ দিয়ে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের পদ পান।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক নেতা জানান, ফাহাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিযোগে তাঁরা বিব্রত। তাঁদের দাবি, একজন প্রভাবশালী নেতার মাধ্যমে তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তাঁর কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এ ছাড়া স্থানীয় কয়েকজনের অভিযোগ, ফাহাদ ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়নে রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারিবারিক কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। তবে ডিভোর্সের কারণ, সন্তানের ভরণপোষণ এবং স্ত্রীর নির্যাতনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে তাঁর স্ত্রীকে দায়ী করেন।
ফাহাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সাংগঠনিক পদ থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।