দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সম্প্রীতি বিনষ্ট করে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ সব সময় সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার সক্ষমতা এ দেশের মানুষের রয়েছে।
তিনি বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর মাধ্যমে বাংলাদেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার অপপ্রয়াস চলছে।
কঠিন চীবর দানকে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের অনুষ্ঠান শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষকে এই মূল্যবোধ ধারণ করতে হবে।
এ সময় তিনি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি গৌতম বুদ্ধের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে এগিয়ে যেতে হবে।
বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় সম্প্রদায়গুলোর উন্নয়ন ও অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, উন্নয়নে আর্থিক সহায়তা, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান প্রত্যেক নাগরিককে যে অধিকার দিয়েছে, তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, এ দেশের সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক। সবার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানসহ সব ধর্মের মানুষ এ দেশে একসঙ্গে বসবাস করে আসছেন। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে হবে। দেশ, জনগণ ও মাতৃভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। এর মাধ্যমে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছিল। বর্তমানে সেই দেহভস্ম ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া তিনি একটি স্মারকগ্রন্থের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।