বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সাত নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ বিষয়ে একটি আবেদন করেন।
ওই আবেদনে দলটির সাতজন শীর্ষ নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী জামায়াতের যে সাত নেতা বিশেষ নিরাপত্তা পাচ্ছেন তারা হলেন— ডা. শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী; ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, নায়েবে আমীর (সাবেক এমপি); এ টি এম আজহারুল ইসলাম, নায়েবে আমীর; অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল; অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির; ড. হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) ও মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতৃবৃন্দের চলাচল ও প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির অংশ। দ্রুততম সময়ের মধ্যে এই নির্দেশনা কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি ফরোয়ার্ড করে দিতে বলেছি।’
দলটির তরফে সাতজনের নিরাপত্তা ব্যবস্থা নিতে গত ১০ জানুয়ারি আবেদন করা হয়। পরদিনই তাতে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি সচিবালয়।