উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আসিফের রাজনৈতিক ভূমিকা ও অতীত সংগ্রামের কথা তুলে ধরে এই স্বাগত জানান।
নুর লিখেছেন, আসিফ মাহমুদ হঠাৎ গজিয়ে ওঠা বা স্বল্প সময়ের আন্দোলনের কোনো নেতা নন। বরং “ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা,” যিনি দীর্ঘদিন দেশবিরোধী দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন। তিনি উল্লেখ করেন, রাজপথের আন্দোলনে আসিফ তার সংগ্রামের সারথি ছিলেন। তার মতে, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিরই অংশ।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, অফিসিয়ালি আসিফ এখনও কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, তবে শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে। দায়িত্বে থাকার কারণে অনেক সময় কিছু অভিযোগ ওঠাই স্বাভাবিক—এমন মন্তব্য করে নুর লিখেছেন, “বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। কিন্তু সংগ্রামের অবদানে তার সে ভুল আমার কাছে তুচ্ছ।”
নুরের এই পোস্টে স্পষ্ট হয়, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসিফ মাহমুদের যাত্রাকে তিনি একটি ইতিবাচক রাজনৈতিক সম্ভাবনা হিসেবে দেখছেন। তিনি বলেন, সংগ্রামের পথই একজন নেতাকে গড়ে তোলে, আর সেই পথেই আসিফের রাজনৈতিক ভবিষ্যত আরও শক্তিশালী হবে।
দিনব্যাপী এ পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, নুরুল হক নুরের এই বার্তা আসিফের সম্ভাব্য রাজনৈতিক গন্তব্য—গণঅধিকার পরিষদের দিকে ইঙ্গিতও হতে পারে।