সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, তার মতো এতগুলো মৃত্যুদণ্ডের রায় দেশে আর কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে ঘোষণা করা হয়নি। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর নির্বাচনী মাঠে ফিরে জনগণের ভালোবাসা ও দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর শনিবার প্রথমবারের মতো নিজ এলাকায় গণসংযোগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বাবর বলেন, “আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আজ আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে আছি। ১৭ বছর পর আবার নির্বাচনে অংশ নিতে পারব—এটা কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞ।”
তিনি জানান, মদন ও আশপাশের এলাকার মানুষ তার কঠিন সময়ে প্রচুর দোয়া করেছেন। অনেকেই তার মুক্তির জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন—এসব ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন। স্থানীয় জনগণের এ আবেগ ও সমর্থন তাকে নতুন শক্তি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিন তিনি নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নির্বাচনী জনসভা ও গণসংযোগে অংশ নেন। বাশরী ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা গোয়াইলবাড়ী মোড়, রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি বিদ্যালয়, পাছ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১২টি স্থানে তিনি পথসভা ও মতবিনিময় করেন। সভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও গ্রামের বয়োবৃদ্ধ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল।
গণসংযোগে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বড় দল নিয়ে তার পাশে উপস্থিত ছিলেন।
উপস্থিত জনতার দিকে তাকিয়ে বাবর বলেন, “যারা আমার জন্য এতদিন অপেক্ষা করেছেন, যারা আমার জন্য দোয়া করেছেন, আমাকেই নয়, আমার পরিবারকেও যাদের ভালোবাসা বাঁচিয়ে রেখেছে—সবাইকে আজ অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশা পূরণে আমি কাজ করব।”