জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ আদেশ শোনার পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদেশ শোনার পর কাঠগড়ার রেলিং ধরে কাঁদতে থাকেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তাকে কেন গ্রেফতার করা হয়েছে এবং তার অপরাধ কী, তা জানতে চান তিনি।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তোলার পর পুলিশ তার হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয়। হেলমেট খোলার পরপরই কাঠগড়ার রেলিং ধরে কান্না শুরু করেন তিনি।
বিকেল ৫টা ৪২ মিনিটে বিচারক এজলাসে আসেন। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ড এবং আসামিপক্ষ থেকে জামিনের কোনো আবেদন করা হয়নি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে এজলাস ত্যাগ করেন।
আদেশের পরও কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন জ্যোতিকা জ্যোতি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ কেমন আদেশ হলো? উনি তো আমার কোনো কথাই শুনলেন না। এটা কি আগে থেকে সাজানো ছিল? আমাকে কেন গ্রেফতার করা হলো, কোন মামলায়—কিছুই জানি না। কী অপরাধ আমার? সারা দিন আমার পরিবারের কারও সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।’
পরে পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তায় তাকে আদালত ভবনের নিচে নিয়ে গাড়িতে তুলে কারাগারের উদ্দেশে রওনা হন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।
এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খানসহ আরও ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।