ছয় দিনের অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। মালয়েশিয়া সফরেও প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এ সফরে জামায়াত আমিরের সঙ্গে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।