গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের জাতীয় পার্টির জেলা অফিসে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে একটি মিছিল বের করে নগরজালফৈ এলাকায় গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দলীয় নেতাকর্মীরা। তবে বেলা সোয়া ১টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নিরালা মোড় থেকে শুরু হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জাতীয় পার্টির অফিসের সামনে যায়। সেখানে গিয়ে নেতাকর্মীরা অফিসে ভাঙচুর চালান। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে চেয়ারসহ আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে ভিপি নূরের বিশেষ অবদান রয়েছে। জনগণের অধিকার রক্ষায় তিনি কখনো পিছপা হননি। শুক্রবার রাতে ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানাই। বক্তারা হামলায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।