গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটি অচল মাল, এ দেশে আর তাদের ফিরে আসার সুযোগ নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিগত ৫০ বছর ধরে দেশে কালো টাকার রাজনীতি চলছে এবং এই ধারা বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে যশোর জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত এই সমাবেশে নুর বলেন—বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে কমছে না। এর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ক্ষমতার লোভই দায়ী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখনো ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তাদের উচিত পতিত স্বৈরাচারদের ভাগ্য থেকে শিক্ষা নেওয়া।
ভিপি নুর বলেন, দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারি প্রথায় রূপ দিয়েছে। কিন্তু এ দেশে আর লুটপাটের রাজনীতি চলবে না। পুরাতন ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কার জরুরি। তিনি স্পষ্ট করে বলেন—রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না।
নুর অভিযোগ করেন, গত ১৬ বছর শেখ হাসিনা এককভাবে দেশ শাসন করেছেন, অথচ শেষ বেলায় তিনি “দুপুরের ভাতও খেতে পারেননি।” তার ভাষায়, দিল্লির মাল দিল্লি চলে গেছে, আর যারা এখনো আস্ফালন দেখাচ্ছেন, সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগকে তিনি ‘গণহত্যাকারী রাজনৈতিক দল’ আখ্যা দিয়ে বলেন—এই দল আর জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ একতরফা ইতিহাস তৈরি করেছিল, অন্তর্বর্তী সরকারও একই পথে হাঁটছে। তার অভিযোগ, একটি বিশেষ দলকে সুবিধা দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং বৈধ নির্বাচন, না হলে আবারও ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ফিরে আসবে।
সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমান। বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।