আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
ড. মিজানুর রহমান আজহারী তার পোস্টে লেখেন,
“আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”
১৪ আগস্ট ছিল প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি এবং রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের আগামী নির্বাচনে প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, সাঈদী সম্পূর্ণ নির্দোষ ছিলেন এবং তাকে চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও এক বিবৃতিতে অভিযোগ করেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণেই সাঈদীর মৃত্যু হয়। তার দাবি, হাসপাতালের ডাক্তার ও কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দেননি, বহু অবহেলার তথ্য প্রকাশিত হয়েছে। এমনকি মৃত্যুর আগে তার স্ত্রী ও সন্তানদের সাক্ষাৎ করার অনুমতিও দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় জানাজা আদায়ের সুযোগও দেওয়া হয়নি। লাখ লাখ তৌহিদি জনতা ঢাকায় জানাজা দাবি করলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত মানুষকে আহত করে। শেষ পর্যন্ত তার লাশ পিরোজপুরের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়, যেখানে লাখো মানুষ অশ্রুসিক্ত চোখে তার জন্য দোয়া করেন।