ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিল প্রায় সবাই, অথচ বিএনপি সেই নির্বাচনের ফলকে বৈধতা দিয়েছে সংসদে গিয়ে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন দলের রাজশাহী মহানগর সভাপতি মাওলানা হোসাইন আহমদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী ও রাজশাহী জেলার সভাপতি মাওলানা মুরশিদ আলম ফারুকী।
ফয়জুল করীম বলেন, “বিএনপি আজ আমাদের বলে আওয়ামী লীগের দালাল। তারা বলে আমরা আওয়ামী লীগকে সহযোগিতা করি। অথচ রাজনীতি করতে হলে সঠিক জেনে-বুঝে করতে হয়। আমরা কখনো প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচনে যাইনি। ২
০১৪ সালের নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নেয়নি। ২০১৮ সালের নির্বাচনে সবাই অংশ নিল বলেই আমরা অংশ নিলাম। কিন্তু কখনো গণভবনে যাইনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত শেখ হাসিনার কাছে গণভবনে গিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “বিএনপি সংসদে গিয়ে ২০২২ সাল পর্যন্ত ছিল। অবৈধ সংসদে তাদের কয়েকজন এমপি গিয়ে নির্বাচনের বৈধতা দিয়েছে। তারা আওয়ামী লীগের দালাল না, আমরা নাকি দালাল!”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিগত দিনে তারা ভোট পেয়েছে, ভবিষ্যতেও সেই আশায় আছে। কিন্তু মানুষ কেন ভোট দেবে পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা করার জন্য? তাদের অভ্যন্তরীণ কোন্দলে শতাধিক মানুষ নিহত বা পঙ্গু হয়েছে। এখনো ক্ষমতায় যায়নি, এই অবস্থা—ক্ষমতায় গেলে কী হবে? মানুষ এখন সচেতন, মানুষের চোখ খুলেছে। বিএনপির চাঁদাবাজি আজ সর্বত্র।”