দীর্ঘ ১৭ বছর পর নিজের গ্রাম ভাদেরায় ঈদ করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। শুক্রবার তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা হায়দার আলী জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর তিনি গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে ঈদের জামায়াত আদায় করবেন। এর পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিয়ম করে শনিবারেই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
মদন বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঢাকা থেকে মদনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ১৭ বছর কারাভোগের পর শনিবার গ্রামের বাড়িতে তিনি পবিত্র ঈদুল আজহা উৎযাপন করবেন।
১৭ বছর কারাভোগ থেকে ঈদ-উৎযাপন করেছেন এমন নেতা বাংলাদেশে আছে কি না আমার জানা নেই। বাবর সাহেব নিজ এলাকায় ঈদ করবেন এমন সংবাদ শুনে মদনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে। পবিত্র ঈদের নামাজ আদায়ের পর তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি আরব যান বাবর।
তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফেরেন এ বিএনপি নেতা। ২৩ ফেব্রুয়ারি নিজ গ্রামের বাড়িতে আসেন বাবর। গ্রামের বাড়িতে তিন দিন অবস্থান করেন। এ সময়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন।