জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে বিএনপির অতীত সাফল্য, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় দেওয়া পোস্টে তিনি ১৯৮৬ সালের নির্বাচন থেকে শুরু করে ১৯৯১ সালের বিজয় এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে কথা বলেন।
আসিফ লেখেন, ’৮৬ সালের ষড়যন্ত্রের নির্বাচন বিএনপি বর্জন করেছিল বেগম খালেদা জিয়ার বিচক্ষণতায়। সর্বদলীয় ঐক্যজোট শপথ নিয়েছিল, সেই নির্বাচনে যারা যাবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।’
তিনি মনে করিয়ে দেন, কীভাবে দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালের নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি ১৪০ আসন পেয়ে সরকার গঠন করে, যদিও শেখ হাসিনা তখন ঘোষণা দিয়েছিলেন, বিএনপি ১০টি আসনও পাবে না।
আসিফ নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলেন, ’বেগম খালেদা জিয়ার সঙ্গে কিছু সময় রাজনীতির মাঠে কাজ করার সুযোগ হয়েছে। কখনো দাম্ভিকতা দেখিনি, সবসময়ই আত্মবিশ্বাসী ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর যখন দল দিকভ্রান্ত, তখন তরুণ নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি দলকে সামনে এগিয়ে নেন।’
তবে আসিফ বর্তমান বিএনপির একটি অংশের প্রতি সতর্কবার্তা দেন। তার ভাষায়, বিএনপির একটি গুরুত্বপূর্ণ অংশ এখন হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে আছে। ৩৫ বছরের নিচে থাকা চার কোটি ভোটারের মন বুঝতে ব্যর্থ হয়ে তারা ‘শো-ডাউন’ কালচারে মগ্ন।
পোস্টের শেষাংশে আসিফ বলেন, ’৯১ সালের বিজয় থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে প্রস্তুত হতে হবে, কারণ এক ভোটের রাজনীতিতে দাবার ঘুঁটি যে কোনো সময় বদলে যেতে পারে। ওভার কনফিডেন্স সাময়িক সফলতা দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতি করে।’
তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লেখেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হউক। ভালোবাসা অবিরাম…’