কারাগারে আটক নিষিদ্ধ যুবলীগের এক নেত্রীর সন্তানের মৃত্যুর পরও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তিনি এ সিদ্ধান্তকে অমানবিক উল্লেখ করে বলেছেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে।
শনিবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে তাজনূভা জাবীন বলেন, আওয়ামী লীগের মতো দানবীয় ও অমানবিক আচরণ করে দলটিকে মোকাবিলার চিন্তা সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে বাদ দিতে হবে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে। সেই প্রতিবাদ আওয়ামী লীগের পক্ষেও গেলেও মানুষ কথা বলবে।
তিনি লেখেন, ‘জুলাই হয়েছিলই অন্যায়ের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে।’
কারাগারে আটক যুবলীগ নেত্রীর সন্তানের মৃত্যুর প্রসঙ্গ তুলে তাজনূভা বলেন, সন্তানের মৃত্যুতে ওই মাকে প্যারোলে মুক্তি না দেওয়া অত্যন্ত অমানবিক হয়েছে। সরকারের প্রতিটি ছোট-বড় পদক্ষেপ জুলাই-পরবর্তী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এমন সিদ্ধান্তের দায় আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের চলমান আগ্রাসনের বিরুদ্ধে যখন সবাই সোচ্চার, তখন সরকারের এমন ভুল সিদ্ধান্ত দলটিকে তাদের সহিংসতার পক্ষে অজুহাত তৈরির সুযোগ করে দিতে পারে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের হাতে নতুন করে প্রাণহানি এড়াতে সরকার যে কৌশল নিয়েছে, একই বিবেচনায় এমন অমানবিক সিদ্ধান্ত থেকেও সরে আসা উচিত।
পোস্টের শেষাংশে তাজনূভা জাবীন লেখেন, ‘বাচ্চার মৃত্যুতে যুবলীগ করা মায়ের জামিন হলো না, ওদিকে আসল কালপ্রিট আওয়ামী রাঘববোয়ালরা বিদেশে, অনলাইনে দিব্যি আছে। অত্যন্ত দুঃখজনক, নিন্দা জানাই।’