বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, ওয়াসিমসহ সব শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিদেশি শক্তির নির্দেশনায় পরিচালিত হবে না; বরং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত।
এর আগে সকালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি ও গণকবর প্রাঙ্গণে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।