বিএনপি আবারও পুরোনো সুবিধাবাদী রাজনীতির পথে হাঁটলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জেগে ওঠা নতুন শক্তি দেশ পরিচালনার দায়িত্ব নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের শহীদ আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আমির মাওলানা আবু জাফর কাসেমী।
বিএনপির উদ্দেশে মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের বিষয়ে দলটিকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এসব বিষয়ে বিএনপি ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তারা স্বেচ্ছায় দলটির পাশে দাঁড়াবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি তার বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানানোর প্রয়োজন হবে না। দলমত-নির্বিশেষে দেশপ্রেমিক মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে আসবে।
সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘বাহাত্তরপন্থি না আপনারা চব্বিশপন্থি? আগে আপনার কেবলা ঠিক করেন। আপনারা যদি বাহাত্তরপন্থি হন, শেখ হাসিনা গেছে যেই পথে, বাহাত্তরপন্থি বাংলাদেশের সমস্ত অপশক্তি যাবে সেই পথে।’
বিএনপির ওপর জনগণের দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভর করেছিল। তবে ২৪-এর বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি যদি আবার পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে যায়, তাহলে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।
মামুনুল হক বলেন, ‘বিএনপি যদি আবার তাদের সেই পুরোনো সুবিধাবাদী পন্থার রাজনীতির দিকে যায়, এবার আর বিএনপি নয়, এবার আমরা ২৪-এর জেগে ওঠা নতুন শক্তি আগামীর বাংলাদেশ পরিচালনা করব, ইনশাআল্লাহ।’