দেশে সংক্ষিপ্ত সফর ও কূটনৈতিক কার্যক্রম শেষে ফ্রান্সের রাজধানী প্যারিস হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। সফরের প্রথম গন্তব্য প্যারিস। আগামী ২৫ নভেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজিত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত ঢাকায় অবস্থানের কথা ছিল খলিলুর রহমানের। তবে সফরসূচিতে আকস্মিক পরিবর্তন এনে এক দিন আগেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস বিদেশে অবস্থানের পর গত শনিবার (২১ নভেম্বর) ঢাকায় ফেরেন খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের উদ্দেশে গত ৩১ আগস্ট দেশ ছেড়েছিলেন তিনি। সেপ্টেম্বরে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।
সবশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নেন খলিলুর রহমান। সেখান থেকে দেশে ফিরে সংক্ষিপ্ত কূটনৈতিক কার্যক্রম শেষে আবারও বিদেশ সফরে যাচ্ছেন তিনি।