পাকিস্তানের কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার উচ্চ রক্তচাপ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিশ্চিত করা না হলে কয়েক দিনের মধ্যেই তার হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান।
রোববার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। তার চিকিৎসক ডা. ফয়সাল সুলতান জানিয়েছেন, দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগলে হৃদযন্ত্র, কিডনি ও চোখের গুরুতর ক্ষতি হতে পারে।
তিনি বলেন, এ ধরনের উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দ্রুত হৃদরোগ কিংবা কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসায় বিলম্ব হলে শারীরিক জটিলতা আরও বাড়তে পারে।
এর আগে এক খোলা চিঠিতে ইমরান খান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন। দীর্ঘ সময় একাকী বন্দি থাকার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ইমরানের ব্যক্তিগত চিকিৎসক কর্তৃপক্ষের প্রতি দ্রুত তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, সময়মতো চিকিৎসা নিশ্চিত না হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?