পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকারের সঠিক পরিকল্পনার অভাবেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দায় এড়ানো যাবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনায় এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ও সরকারকে নিতে হবে। কারণ এটি সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা।
তাঁর অভিযোগ, সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করছে। অথচ যারা জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারপ্রধান এখনো জাতির সামনে কোনো গোয়েন্দা তথ্য তুলে ধরেননি।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, অন্তর্বর্তী সরকার পাঁচশত আন্দোলন মোকাবিলা করেছিল। জনগণের আস্থা থাকলেই আন্দোলন থামানো সম্ভব। কিন্তু বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে বলে দাবি করেন তিনি।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ এবং ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগও তোলেন নাহিদ ইসলাম।
এদিকে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, আগে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার খোলাবাজারে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। নতুন করে দাম বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এ পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান নাহিদ ইসলাম।