আজকের আওয়ামী লীগকে দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ বলে আখ্যা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। যুগান্তর ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলটির অতীত ও বর্তমান নিয়ে অকপট মূল্যায়ন তুলে ধরেন তিনি।
সোহেল তাজ বলেন,
আমরা রাজনৈতিকভাবে (আওয়ামী লীগ) বিরোধী দলকে দমন-নিপীড়ন করেছি। হত্যা-গুমের রাজনীতি বেছে নিয়েছি, দুর্নীতির পথ বেছে নিয়েছি- যার ফলে হয়েছি কী তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরাও এ চক্রের ভেতরে আক্রান্ত হয়েছে।
দল জনগণের নাড়ি বুঝতে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি। ‘আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের পালস থেকে দূরে সরে গেছে’ উল্লেখ করে সোহেল তাজ বলেন, কারণ তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। বলে না মাছের পচন শুরু হয় মাথা থেকে- আমাদেরও একই রকম অবস্থা সৃষ্টি হয়েছে। পচন শুরু হয় ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে- এবার পুরো বডিটাই পচে গিয়েছে।
অতীতের আওয়ামী লীগের সঙ্গে বর্তমানের ফারাকও স্পষ্ট করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগের মধ্যে পার্থক্য রয়েছে। সেই আওয়ামী লীগ ছিল নীতি-আদর্শভিত্তিক দল। আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ- এটা পরিষ্কার হয়ে গেছে।