গণভোটের রায় কার্যকর হলে ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমেদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকলে এবং গণভোটের রায় বাস্তবায়িত হলে কর্নেল অলি আহমেদ বিপুল ভোটে জয়ী হতেন। গণভোটের রায় কার্যকর করা হলে বিএনপিও বিতর্কমুক্ত থাকতে পারত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচন ব্যতিক্রমী। সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলই রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়ে থাকে। তবে এবার ১১ দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, গণতন্ত্র চর্চায় নতুন ধারা তৈরির লক্ষ্যেই ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে। নির্বাচনে জয়-পরাজয় তাদের কাছে মুখ্য নয়, বরং প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়াকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি নানা কৌশলে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এ সময় সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক আয়োজন করাও কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।