১১ দলীয় ঐক্যজোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, নির্বাচনে জয়-পরাজয়ই মূল বিষয় নয়; জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। জাতির সঙ্গে কখনো বেইমানি করবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি বলেন, ‘আমরা হারব না জিতব, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় জনগণের পাশে থাকব এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করব। আজও সেই মন-মানসিকতা নিয়েই আমরা সবাই একসঙ্গে হয়েছি।’
তিনি আরও বলেন, ‘সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করায় আমি সমগ্র জাতির কাছে এবং ১১ দলীয় ঐক্যজোটের সব নেতা-কর্মীর কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সঙ্গে কখনো বেইমানি করব না।’
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে কর্নেল অলি বলেন, তিনি একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। সুন্দরভাবে জীবনযাপন করায় জোটের নেতারা সর্বসম্মতিক্রমে তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করেই তারা সর্বোত্তম ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকও কর্নেল অলিকে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন।