জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি ছাত্রলীগের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তাদের পরিণতিও ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, “ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।”
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ অন্তত ১৫ জন রয়েছেন বলে জানা গেছে।
একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনটি ছাত্রসংগঠনের নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন।
এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
এসব ধারাবাহিক ঘটনার প্রেক্ষাপটেই সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সতর্কবার্তা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।