কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচিত সরকারও বিরোধী দল দমনে বলপ্রয়োগের পথ অনুসরণ করছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।
রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের প্রত্যাশা ছিল। তবে বাস্তবে বিরোধী দলকে দমনে অতীতের মতোই বলপ্রয়োগের প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতভেদ স্বাভাবিক হলেও বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশের বাধা এবং দলীয় নেতাকর্মীদের গাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনা রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক বার্তা বহন করবে।
দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌরকর আদায় করা যেতে পারে। তবে আইনি এখতিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় বা চাঁদাবাজি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, প্রশাসনের অনুমোদন ও নির্ধারিত করহার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না।