বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব আজ পর্যন্ত জামায়াত নেয়নি। এমনকি আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিল বলেও দলটি কখনো দাবি করেনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কখনো বলিনি, আমাদের দলের এতজন শহীদ হয়েছেন। সেটার সাক্ষী জনগণ।” তিনি দাবি করেন, আন্দোলনের শুরু থেকেই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পাশে ছিল জামায়াতে ইসলামী এবং দেশের প্রয়োজনেই দলটি বারবার মাঠে নেমেছে।
তিনি বলেন, আন্দোলনে আহতরা নানা প্রতিকূলতার মধ্যেও পিছু হটেননি। তবে জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং তাদের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ চলছে। প্রশাসনে এ ধরনের দলীয়করণকে তিনি জাতির জন্য লজ্জাজনক উল্লেখ করে বলেন, বর্তমান সরকারও বৈষম্যমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আগের সরকারের পথেই হাঁটছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে জামায়াতকে আপসের জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব ও প্রলোভন দেওয়া হয়েছিল। তবে দলটি কোনো প্রলোভনে সাড়া দেয়নি। গণভোটের ফল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথ—উভয় জায়গায় দলটি সোচ্চার থাকবে বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়ের কাছে জামায়াত কখনো মাথানত করবে না। জনরায় উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে দাবি করে তিনি সরকারকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা হচ্ছে। তবে নির্যাতন ও হামলা সত্ত্বেও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল ও জুলাই যোদ্ধারা তাদের অবস্থান থেকে সরে আসবে না বলে মন্তব্য করেন।