জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর সরাসরি জামায়াত আমিরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে কারাগার থেকে বের হওয়ার পর কারাফটকে আখতারুজ্জামানকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় গত ২ অক্টোবর ঢাকা সেনানিবাসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
গত ১ নভেম্বর ওই মামলায় আখতারুজ্জামানের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। পরদিন ২ নভেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে কারামুক্ত হন সাবেক এই সংসদ সদস্য। মুক্তির পরপরই জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।