প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে নিয়ে কটূক্তি করছেন এবং জুলাই পদযাত্রায় স্থানীয় এমপি-মন্ত্রীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করছেন।
তিনি বলেন, “যারা একজন এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সামনে গিয়ে যদি সেই এমপিকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, তাহলে জনগণ প্রতিবাদ করবেই। সিলেট ও হবিগঞ্জের মানুষও সেই জায়গা থেকেই প্রতিক্রিয়া জানিয়েছে।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে এমপি ও মন্ত্রীদের নিয়ে কটূক্তি করছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এনসিপি ভিন্ন ধরনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। দলটির এখন ইতিবাচক রাজনীতির দিকে মনোযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়ায় আওয়ামী লীগের রাজনীতি বড় ধাক্কা খেয়েছে। তার মতে, শেখ হাসিনার দেশত্যাগের কারণে দলটির নেতাকর্মীদের মনোবল দুর্বল হয়েছে এবং দেশের রাজনীতিতে তাদের ফিরে আসার সম্ভাবনা কম।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, দেশ ছেড়ে চলে যাওয়ার পর ফিরে আসার বিষয়টি সহজ নয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিও তার প্রভাব ফেলেছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক অবস্থান তুলে ধরে রাশেদ খাঁন বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। দলীয় নেতাকর্মীদেরও প্রতিশোধের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তাই তিনি দিয়ে আসছেন বলে জানান রাশেদ খাঁন।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সভায় জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, মাদকের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান রাশেদ খাঁন।