জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু করেছে। রোববার (২৬ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকায় এনসিপির ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি করতে পারে। তিনি বলেন, “আমরা বুঝে গেছি, তারেক রহমানকে দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব নয়।” ভবিষ্যতে তার এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতৃত্বে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ উপজেলা প্রশাসনে গিয়ে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।
ভালুকার মানুষের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এলাকার উন্নয়ন ও সন্তানের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক নেতার ওপর ছেড়ে দিলে চলবে না। নিজেদের অধিকার ও ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে।
এ সময় তিনি মাদক, জুয়া, চোরাচালান ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে এনসিপি কঠোর রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে।