জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিরাপত্তা ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে ক্লাস চলাকালে কোনো শিক্ষার্থী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
এছাড়া মাগরিবের আজানের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাসার বাইরে ঘোরাফেরা না করে নিজ নিজ বাসায় অবস্থানের আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের নির্দেশনায় আরও বলা হয়েছে, ১৮ বছরের নিচে কোনো ব্যক্তি বা শিক্ষার্থীর কাছে কোনো দোকানদার সিগারেট বিক্রি করতে পারবেন না। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে বা বিনা প্রয়োজনে শিক্ষার্থীদের দোকানে অবস্থান ও আড্ডা দেওয়া থেকেও বিরত থাকতে হবে।
বর্ষা মৌসুমে দুর্ঘটনা এড়াতে ছোট শিশুদের পানি, ডোবা, খাল ও পুকুরের আশপাশে যেতে না দেওয়ার জন্য অভিভাবকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তাই বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।