জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল দেশের সার্বভৌমত্ব, স্বাধীন পররাষ্ট্রনীতি, সীমান্ত সুরক্ষা এবং নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না—ভারত কিংবা আমেরিকা, কারোরই নয়।
মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি জবি শাখার আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরও অনেক প্রত্যাশা পূরণ হয়নি এবং জনগণের মধ্যে কিছুটা হতাশা রয়েছে। তবে তার ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান এখনো চলমান এবং এটি ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি নতুন ভোটারদের গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এখনো প্রতিষ্ঠানটি যথাযথ স্বীকৃতি পায়নি। তিনি সরকারের প্রতি বিশ্ববিদ্যালয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। তিনি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে উপাচার্য এবং শিক্ষক নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন।