সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে ঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে ৬৯ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৪১৮ জন সুবিধাভোগীর মধ্যে বসতঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে আরও সচেতন ও সোচ্চার হতে হবে। তিনি বলেন, ‘কথা বলতে হবে, সোচ্চার হতে হবে এবং নিজেদের দাবি-দাওয়াগুলো দৃঢ়ভাবে সামনে আনতে হবে।’
তিনি আরও বলেন, সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বিএনপি কাজ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি এবং এ লক্ষ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।