রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর এবার মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কার্টুনধর্মী ছবি জুড়িয়ে তিনি এ দাবি জানান। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।
হ্যাশট্যাগ দিয়ে ‘অ্যারেস্ট চুপ্পু’ও লিখেছেন এনসিপির এই নেতা।
এদিন বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ একাধিক রোগে তিনি ভুগছেন।
সম্প্রতি তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এসব কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
পদত্যাগপত্রে তিনি, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এর ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।