বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে তিনি স্বীকার করেন, দলের নেতাকর্মীরা মানুষ হওয়ায় তাদেরও ভুলত্রুটি হতে পারে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে আয়োজিত জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলন-২০২৬–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, তাই আমাদেরও ভুলত্রুটি হতে পারে।”
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীর অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা সংশ্লিষ্টদের জানাতে। “আমরা কথা দিচ্ছি, ভুল-ত্রুটি প্রমাণিত হলে নিজেদের সংশোধন করব,” বলেন তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তব্যে তিনি আরও বলেন, মানবজাতির সূচনালগ্ন থেকেই শয়তান মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে আসছে। এ কারণে সব সময় খোদাভীতি ধারণ করে নৈতিকতা ও আদর্শের পথে চলার আহ্বান জানান তিনি।