জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর থেকে ‘শূন্য হাতে’ দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুরে পদযাত্রা শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না। তাঁর দাবি, বিশ্বের কোনো দেশই সরকারকে কার্যকরভাবে সহায়তা করছে না।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। তবে রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করবেন, নাকি সরকার তাঁকে সরানোর পরিকল্পনা করছে—সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার দাবি করলেও পাঁচ মাসেও রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি। এ প্রসঙ্গে তিনি সরকারের রাজনৈতিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।
রাষ্ট্রপতিকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, শুধু পদত্যাগ নয়, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোরও তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির পদে একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানান।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এর আগে দলটির নেতারা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি ছাত্র সমাবেশে অংশ নেন।