শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্যের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত জুলাই পথসভায় তিনি এ আহ্বান জানান। সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মিলন সাহেব, আপনি যদি আপনার সন্তানকেও ফার্মের মুরগি বলে থাকেন, তাহলে এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এখনও সময় আছে, ছাত্রসমাজের কাছে আসুন। এই ছাত্রসমাজ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মিলন-টিলন দেখার সময় আমাদের নেই।”
তিনি বলেন, “হাঁটু পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি—এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিল। অথচ শিক্ষামন্ত্রী এসে শিক্ষার্থীদের ফার্মের মুরগির সঙ্গে তুলনা করেছেন। এর আগে শেখ হাসিনা যখন শিক্ষার্থীদের রাজাকার বলেছিলেন, তখন ছাত্রসমাজ রাজপথে নেমেছিল এবং আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল।”
এনসিপির এই নেতা বলেন, চট্টগ্রামে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, সেখানে বহু মানুষ ও গবাদিপশু ক্ষতিগ্রস্ত হলেও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাঠে দেখা যায়নি। তার অভিযোগ, “তারা এসি রুমে বসে দেশের মানুষকে অবহেলা করছে।”
তিনি আরও বলেন, “জনগণ যেভাবে কাউকে ক্ষমতায় বসাতে পারে, একইভাবে জনগণই ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে।”
গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রভাব বাড়ছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, সংস্কার ও গণভোট ছাড়া কোনো সরকার পূর্ণ বৈধতা পেতে পারে না।
তারেক রহমানের উদ্দেশে সারজিস আলম বলেন, জনগণের দেওয়া দায়িত্ব ও আস্থা রক্ষা করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে ভবিষ্যতে বিএনপিকে জনগণের সমর্থন হারাতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।