প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
বন্যাদুর্গত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ ঘরবাড়ি, ফসল ও সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যক্তি যেন ন্যায্য অধিকার ও সরকারি সহায়তা পান, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা, পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দ্রুত পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দুর্গত মানুষের মধ্যে শুকনা খাবার ও আর্থিক সহায়তা বিতরণ শেষে শফিকুর রহমান বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই রাজনীতির অন্যতম প্রধান দায়িত্ব। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দলের সব শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে তা সমন্বয় করা হচ্ছে।
এর আগে সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি সরাসরি বন্যাকবলিত এলাকায় যান। দিনব্যাপী সফরে তিনি চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।