বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্রকে একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।
শনিবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকটসহ বিভিন্ন মানবিক ইস্যুতে বাংলাদেশের পাশে থেকে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে যে সহযোগিতা প্রদান করে আসছে, তা দুই দেশের গভীর ও টেকসই অংশীদারিত্বেরই প্রতিফলন। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামী দিনে দুই দেশের মধ্যে টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পর্যায়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর অবদান রাখবে।