জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ কার্যকর রাখতে সরকার ও বিরোধী দল—উভয়েরই সমান ভূমিকা রয়েছে। তিনি বলেন, একটি যানবাহন যেমন দুটি টায়ার ছাড়া চলতে পারে না, তেমনি সংসদও সরকারি ও বিরোধী—এই দুই শক্তির সমন্বয়েই কার্যকরভাবে পরিচালিত হয়।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সরকারি দলের অনেক সদস্যের বক্তব্যে এমন প্রবণতা দেখা যায় যে, প্রথমে বিরোধীদের কঠোরভাবে সমালোচনা করা হয়, পরে আবার জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়।
তাঁর ভাষায়, “কুচি কুচি করে কাটার পরে আবার বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই।” তিনি এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদ জনগণের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাই সংসদ সদস্যদের এমন আচরণ করা উচিত, যা জনগণকে আঘাত না করে বরং ঐক্য, দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে।
তিনি আরও বলেন, সংসদে ব্যক্তি বন্দনা বা অপ্রয়োজনীয় প্রশংসার পরিবর্তে জনগণের স্বার্থ, রাষ্ট্রের উন্নয়ন এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর মতে, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই সংসদকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলবে।