বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য মহানগরীতেও একই দাবিতে কর্মসূচি পালন করা হবে।
বুধবার (৩ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, আসন্ন বাজেটকে সামনে রেখে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। সরকারের এ সিদ্ধান্তকে তিনি ‘অযৌক্তিক’, ‘গণবিরোধী’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।
তিনি দাবি করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।
জামায়াতের মতে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং উৎপাদন খাতে ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রভাব পড়বে বাজারে, ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে।
বিবৃতিতে বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জকে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।