রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনারা আইন-শৃঙ্খলায় জনগণের হক আদায় করতে পারছেন না।’
বুধবার (২০ মে) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এ কথা বলেন তিনি। শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াত।
গোলাম পরওয়ার বলেন, মানবসমাজ শতভাগ অপরাধমুক্ত হয় না কথা ঠিক, অপরাধপ্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে; তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুর, এত বর্বর যে, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে? এই নৃশংসতা আইয়ামে জাহেলিয়াকে হার মানিয়ে দিয়েছে।
এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয়নি—মন্তব্য করে তিনি বলেন, রামিসার বাবা ক্ষোভে, দুঃখে বলছেন, ‘আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবারের এরকম বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? আপনি কি রামিসার মা-বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা যাননি।
একটা ঘটনা ঘটলে সরকার অন্যের ওপর দোষ চাপিয়ে দেয় বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। সরকার জামায়াতের বিরূদ্ধে মবের অভিযোগ করে জানিয়ে তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে সরকার এবং দেশবাসীকে বলি, জামায়াতে ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা উসকিয়ে দিয়ে মাজার ভেঙে, হামলা করে সেটা ইসলামপন্থী দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সব কিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন।’
বিএনপির নেতাদের মধ্যে ধর্ষণ, যৌন লালসার অভিযোগ করে জামায়াত সেক্রেটারি বলেন, নেতার সফর উপলক্ষে বাচ্চা মেয়ে জোগাড় করতে হবে? এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে—সব জায়গায় এই দলের লোকদের মদদ এবং সাহায্য আছে।
জামায়াতের এই নেতা দাবি জানান, যেন শুধু গ্রেপ্তার করেই সামাল না দেওয়া হয়, বরং এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর বাবার হৃদয় যেন প্রশান্ত হয়।