ভারতে মুসলিম নিধনের প্রতিবাদ এবং মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মোহাম্মদপুরের কওমি মাদ্রাসাসমূহের ঐক্যবদ্ধ ফোরাম ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া। সোমবার (১১ মে) মোহাম্মদপুর টাউন হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, মোহাম্মদপুর বর্তমানে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি অভিযোগ করেন, সন্ধ্যার পর এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভোগে।
তিনি আরও বলেন, জনগণ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি ভারতের বিরুদ্ধে মুসলিম নিধন ও সীমান্ত দিয়ে বাংলাদেশে “পুশ ইন” করার অভিযোগ তুলে সরকারের প্রতি কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমাদ। তিনি বলেন, মোহাম্মদপুরে ছিনতাই ও খুনের ঘটনা বেড়ে গেছে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।