চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম-কে দলে টানার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে তাকে চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক করা এবং ভবিষ্যতে মেয়র পদে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরাসরি চট্টগ্রামে গিয়ে মনজুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এমনকি তার বাসভবনে গিয়ে প্রস্তাবও দেন তারা। তবে শেষ পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত যোগদান অনুষ্ঠানের দুই দিন আগে থেকেই মনজুর আলমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি তিনি নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন এবং বাসা থেকেও সরে যান বলে জানা গেছে।
পরবর্তীতে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপির আয়োজিত যোগদান অনুষ্ঠান মনজুর আলমকে ছাড়াই সম্পন্ন হয়। অনুষ্ঠানে বড় কোনো রাজনৈতিক দলের পরিচিত নেতাকর্মীর উপস্থিতিও দেখা যায়নি। কিছু ব্যক্তিকে ফুল দিয়ে বরণ করা হলেও তারা অধিকাংশই অপরিচিত ছিলেন।
এ পরিস্থিতিতে চট্টগ্রামে এনসিপির এই কর্মসূচিকে অনেকেই প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি বলে মনে করছেন।