প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সম্পূর্ণ নিখুঁত ও গ্রহণযোগ্য করে তোলাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, “ভোটটা যাতে পারফেক্ট হয়—এটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও লক্ষ্য করা যাচ্ছে না। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন প্রস্তুতির বর্তমান ধাপ অত্যন্ত সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। “আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি,”—বলে তিনি উল্লেখ করেন। তবে সামনে থাকা এক সপ্তাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই সময়টুকু সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য অত্যন্ত ক্রুশিয়াল।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভোটের দিন উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং মানুষ পরিবারসহ ভোট উৎসবে অংশ নেবে। তিনি বলেন, এই নির্বাচন ইতিহাসে একটি স্মরণীয় ও ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে তিনি আশাবাদী।