মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে স্বাগত জানাতে রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতিকে দেশের মানুষের নির্বাচনের প্রস্তুতির স্পষ্ট প্রমাণ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর মতে, এই জনসমাগমই প্রমাণ করে—নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন মাত্র সাত সপ্তাহ দূরে—৪৯ দিন বাকি। নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে তাঁর কখনোই সংশয় ছিল না, যদিও কিছু সময় তাঁকে নিজের উচ্ছ্বাস সংযত রাখতে হয়েছে।
তিনি লেখেন, গতকালের ঘটনাপ্রবাহ সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এ নিয়ে আর কোনো প্রশ্ন নেই।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, এক–দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে কাজ শুরু করবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনকেন্দ্রিক বিতর্ক, যার প্রতিধ্বনি গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে।
সবশেষে শফিকুল আলম লেখেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে—একটি ক্রমশ প্রশস্ত হয়ে চলা বিভাজন। তাঁর মতে, সেই বিভাজন নিরাময় করতে পারে কেবল একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন।